আওয়ামী লীগ ফিরে এলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াত ও এনসিপি: নুরুল হক নুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে এলে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবচেয়ে বেশি বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় নুরুল হক নুর বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের নানা অত্যাচার-নির্যাতনের মধ্যেও বিএনপি রাজপথে টিকে থেকে লড়াই করেছে। দলের শীর্ষ নেতাদের নির্বাসন ও কারাবরণ এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দেওয়ার পরও আওয়ামী লীগ ও ভারত মিলে বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি।
বিরোধী দলগুলোর বর্তমান অবস্থানের সমালোচনা করে প্রতিমন্ত্রী প্রশ্ন রাখেন, "আজকে এই আওয়ামী লীগ যদি কামব্যাক করে, তবে সবচেয়ে বড় বিপদ কার ঘাড়ে আসবে? এনসিপি ও জামায়াতের ঘাড়ে—যারা অন্তর্বর্তী সরকারের সময় 'হালুয়া-রুটি' খেয়েছে। আর জামায়াত তো আওয়ামী লীগের আমলে আত্মগোপনে ও নিষিদ্ধ ছিল।"
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে বিরোধী দলগুলো সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে নুর বলেন, জুলাইয়ের ছাত্র-জনতা ও নাগরিকরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিল, দেশের ও জনগণের স্বার্থে একইভাবে তাদের মোকাবিলা করতে হবে।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, দেশে স্থিতিশীল পরিবেশ ও সরকার বজায় থাকলে আগামীতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিরোধী দলও ক্ষমতায় আসার সুযোগ পাবে।
