আওয়ামী লীগকে চিরতরে ধ্বংসের মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক
আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, পলাতক শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠীকে আবারও মোকাবিলা করতে হবে এবং তাদের সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রুখে দিতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের আগুন সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইশরাক হোসেন বলেন, “আমরা ভেবেছিলাম, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের ভবিষ্যতের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে—গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তবে আমরা যারা কিছুটা রাজনৈতিক সচেতন, তারা মনেপ্রাণে বুঝতাম যে একটা সময় গিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠীকে আমাদের আবারও মোকাবিলা করতে হবে এবং তাদের চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই আসলে বাংলাদেশ মুক্তি পাবে।”
তিনি অভিযোগ করেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছেন এবং নির্বাচিত সরকারের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছেন।
গোপালগঞ্জে হাসপাতালে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইশরাক বলেন, যুদ্ধ চলমান থাকা দেশগুলোতেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা যায় না; আন্তর্জাতিক জেনেভা কনভেনশন অনুযায়ী এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল। অথচ গোপালগঞ্জে সন্ত্রাসীরা স্লোগান দিয়ে হাতে আগুন নিয়ে হাসপাতালে হামলা চালিয়েছে, যেখানে নিরীহ মানুষ চিকিৎসাধীন ছিলেন।
আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিজয়ের মাসের ৩০ দিনই তাঁরা কর্মসূচির মাধ্যমে রাজপথে এবং এলাকায় এলাকায় অবস্থান নেবেন। দেশের কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীরা বোমা হামলা, অগ্নিসংযোগ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তাদের দমন করে আইনের হাতে তুলে দেওয়া হবে।
মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয়—উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, এটি আপামর জনগণের অর্জন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জনগণের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন। মুক্তিযুদ্ধের গায়ে লেপে দেওয়া সেই কলঙ্ক মুছে ফেলা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় যেকোনো দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রজন্ম রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
