ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী
ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক এবং দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র ও অশুভ ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডই দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে। বিদেশে অবস্থান করেও দলটির নেতারা বাংলাদেশে নাশকতা, বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও বলেন, যারা দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে উসকানি দিতে পারে, তারা কখনো জনগণ বা দেশের বন্ধু হতে পারে না।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে দেশে নাশকতা পরিচালনার জন্য অর্থ জোগান দিচ্ছেন। কিছু সন্ত্রাসী ও কিশোরকে টাকা দিয়ে গাড়িতে আগুন, বাড়িঘরে পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে বোমাবাজি করানো হচ্ছে।
গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে উল্লেখ করে রিজভী বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপির তিনজন নেতা-কর্মী নিহত হয়েছেন। সীমান্তের ওপারে অবস্থান করে যারা এসব নাশকতায় উসকানি দিচ্ছেন, বিশেষ করে শেখ হাসিনাকে এসব হত্যাকাণ্ডের দায় নিতে হবে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ভারত প্রায়ই দাবি করে যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। কিন্তু পেট্রাপোলে আওয়ামী লীগের চার নেতার সঙ্গে ইমিগ্রেশন কর্মকর্তার দুই ঘণ্টাব্যাপী বৈঠকের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটিকে একটি ‘অশুভ ইঙ্গিত’ হিসেবে অভিহিত করেন তিনি।
আওয়ামী লীগের পুনরুত্থানের যেকোনো চেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। অনেক রক্তের বিনিময়ে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, তা কেউ স্তব্ধ করতে পারবে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলি সপু এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন প্রমুখ।
