বিচার ও জাতির কাছে ক্ষমা চাওয়ার পরই রাজনীতি করতে পারবে আ.লীগ: চরমোনাই পীর
আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা সব অপরাধের বিচার সম্পন্ন, দোষীদের শাস্তি নিশ্চিত এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরই দলটির রাজনীতি করার অধিকার থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
রোববার (২২ নভেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দলটির বিরুদ্ধে যেসব গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে, বর্তমানে সেগুলোর বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে। আইনগতভাবে স্বচ্ছতা প্রমাণিত না হওয়া পর্যন্ত দলটির রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইনও প্রণয়ন করা হয়েছে।
সাক্ষাৎকারে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় ছিল এবং দলটির সঙ্গে যুক্ত একটি বড় জনগোষ্ঠীও রয়েছে। তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখুক—এটিই কাম্য। তবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে যারা অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এরপরই কেবল দলটি বৈধ ও স্বচ্ছভাবে রাজনীতি করার অধিকার ফিরে পেতে পারে।
এই নীতি সব দলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপিসহ দেশের অন্য যেকোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যদি অপরাধে জড়িত থাকেন, তবে তাদেরও রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।
দেশের সার্বিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বাংলাদেশের সন্তান। সবার মধ্যেই দেশের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা থাকা জরুরি। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।
ভোটের রাজনীতি প্রসঙ্গে রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আসছে। তবে আগামীতে ভোট দেওয়ার ক্ষেত্রে সবাইকে অত্যন্ত চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে; আবেগ বা ইচ্ছামতো যেকোনো জায়গায় ভোট দেওয়া ঠিক নয়।
ইসলামী শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে চরমোনাই পীর আরও বলেন, বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। ইসলাম এমন একটি পরিপূর্ণ নীতি ও আদর্শ, যার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও কল্যাণকর দেশে পরিণত হবে। ইসলামী আদর্শে দেশ চললে ভিন্ন ধর্মাবলম্বীরাও সর্বোচ্চ নিরাপদে বসবাস করতে পারবেন—মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ থাকে, তারাও তেমন নিরাপদ থাকবেন।
