ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেলেন মাহফুজ আলম, শেখ হাসিনাকে নিয়ে কড়া বার্তা
সাইবার হামলার শিকার হয়ে বন্ধ হয়ে যাওয়া নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর অভিযোগ, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের একটি সাইবার চক্র পরিকল্পিতভাবে তাঁর আইডিটি ‘টেকডাউন’ বা বন্ধ করে দিয়েছিল।
অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর শুক্রবার (২০ নভেম্বর) পৃথক ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানানোর পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ নিয়েও কড়া বার্তা দিয়েছেন। মাহফুজ আলম স্পষ্ট ভাষায় বলেছেন, শেখ হাসিনার জন্য কোনো ‘প্রত্যাবর্তন’ অপেক্ষা করছে না; বরং ‘প্রত্যর্পণ ও আত্মসমর্পণই’ হবে তাঁর চূড়ান্ত পরিণতি।
নিজের ফেসবুক আইডি পুনরুদ্ধারের খবর জানিয়ে এক স্ট্যাটাসে সাবেক এই উপদেষ্টা লেখেন, "গত ১৩ নভেম্বর লীগের সাইবার গ্রুপ আমার আইডিটি টেকডাউন করেছিল। আজ একটু আগেই সেটি ফেরত পেলাম। অ্যাকাউন্টটি পুনরুদ্ধারে যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।"
অপর একটি পোস্টে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ও দেশে ফেরা প্রসঙ্গে মাহফুজ আলম উল্লেখ করেন, "প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ এবং আত্মসমর্পণ। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের সত্য স্বীকার, কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি হওয়া এবং সহিংসতা ও খুনের রাজনীতি চিরতরে ত্যাগের ঘোষণা ছাড়া কোনো ধরনের ‘রিকনসিলিয়েশন’ বা সমঝোতার আলোচনা সম্ভব নয়।"
২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপট স্মরণ করে তিনি আরও লেখেন, "দেশে সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট আমিই সম্ভবত জুলাই অভ্যুত্থানের সংগঠকদের মধ্যে প্রথম পুনর্মিলনের প্রসঙ্গটি তুলেছিলাম। কিন্তু আওয়ামী লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস মিশে আছে; তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা কিংবা আত্মসমালোচনা নেই।"
দেশের চলমান অস্থিরতার জন্য আওয়ামী লীগ ও তাদের আশ্রয়দাতা রাষ্ট্রকে দায়ী করে মাহফুজ আলম সতর্কবার্তায় বলেন, সন্ত্রাস ও হত্যার রাজনীতি অব্যাহত থাকলে দেশে যে অস্থিতিশীলতা তৈরি হবে এবং শিল্প-বাণিজ্য ও সাধারণ মানুষের জানমালের যে ক্ষয়ক্ষতি হবে, তার সম্পূর্ণ দায়ভার আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকেই বহন করতে হবে।
