রাজধানীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিক দল নেত্রীর ওপর বোমা হামলা
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিক দল নেত্রী নাসিমা বেগমের ওপর বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী বলে অভিযোগ উঠেছে।
বোমার আঘাতে গুরুতর আহত নাসিমা বেগমকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এবং শাহজাহানপুর থানা শ্রমিক দলের বর্তমান সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে নিচে একাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে একটি বোমা সরাসরি নিচে থাকা নাসিমা বেগমের গায়ে এসে পড়লে তিনি গুরুতর জখম হন।
হামলার পরপরই ক্ষুব্ধ হয়ে খিলগাঁও রেলগেট এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা। খবর পেয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা হাসপাতালে ছুটে যান এবং আহত নেত্রীর চিকিৎসার খোঁজখবর নেন।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব বদরুল আলম সবুজ জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমা বেগম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন এবং তার সুচিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বোমা হামলার এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
