আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি টিএসসি, ভিসি চত্বর, মধুর ক্যান্টিন, হলপাড়া, পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সায়েন্স ল্যাব মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, “গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিশৃঙ্খলা ঘটিয়ে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।”
যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় ফরিদপুরে রাজু মোল্লা হত্যাসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
