আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার সব ধরনের নৈতিক ও রাজনৈতিক বৈধতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দলটি আর কখনোই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
আজ বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। বিগত ১৫-১৬ বছরের শাসনকাল, সাম্প্রতিক নাশকতা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই পোস্টটি দেন।
ফেসবুক পোস্টে সালাউদ্দিন আহমদ উল্লেখ করেন, আওয়ামী লীগ গত ১৫-১৬ বছর ধরে দেশে অগণতান্ত্রিক শাসন চালিয়েছে, গণহত্যা ঘটিয়েছে এবং শেষ পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
দলের রাজনৈতিক চরিত্রের কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে গণতন্ত্রের কোনো স্থান নেই। তাদের রাজনীতি মানেই সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, গুম, জুলুম ও নির্যাতন। অতীতের এসব অপকর্মের মধ্য দিয়েই দলটি এ দেশের মানুষের কাছে রাজনৈতিক বৈধতা হারিয়েছে।”
বিদেশে পলাতক নেতাকর্মীদের উসকানির বিষয়ে অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ নেতাকর্মীরা সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। এমনকি গ্রামে গ্রামে আগুন দেওয়ার মতো নাশকতার নির্দেশনাও দেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে ভাঙচুর-হামলার ঘটনা আওয়ামী লীগের সেই পুরোনো সন্ত্রাসী চরিত্রেরই বহিঃপ্রকাশ। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে হত্যা করা তাদের চিরচেনা অভ্যাস।
সরকারের অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনোভাবেই আওয়ামী লীগের মতো আচরণ করতে চায় না। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হবে না। সরকার নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দোষ কাউকে হয়রানি বা গ্রেপ্তার না করার নীতিতে বিশ্বাসী। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে এবং জানমাল রক্ষায় আইনানুগ ও প্রয়োজনীয় বল প্রয়োগ করতে পারবে।
টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যারা থানায় হামলা, পুলিশ সদস্যদের ওপর আক্রমণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনা হবে।
