বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা তারেক রহমানের
বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে দল এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় ও আগামী মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন যারা
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা বৈঠকে অংশ নেন।
পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, থাকবে নিজস্ব আয়োজন
বৈঠক সূত্রে জানা গেছে, বিজয়ের মাস ডিসেম্বরে দলের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। মূলত এসব কর্মসূচির মাধ্যমে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় ও চাঙা রাখতে চায় শীর্ষ নেতৃত্ব।
বৈঠকে তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনগুলো নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকবে। তবে এসব আয়োজন কোনো দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে পালন করা হবে না। এমনকি অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিরোধী দলের কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, সে ধরনের কোনো কর্মসূচিও বিএনপি নেবে না।
ডিসেম্বরে যেমন কর্মসূচি থাকবে
বিজয়ের মাসজুড়ে বিক্ষোভ মিছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিএনপি এবং এর তিন অঙ্গসংগঠন আলাদাভাবে নিজ নিজ কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে সরব থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যে ধরনের কর্মসূচি পালন করে থাকি, তেমন নিয়মিত কর্মসূচিই থাকবে।”
