স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। ইংরেজিতে লেখা তাঁর এই সংক্ষিপ্ত স্ট্যাটাসটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “In Salauddin Ahmed, we trust. More power to him.” বাংলায় যার অর্থ দাঁড়ায়, “সালাউদ্দিন আহমদের ওপর আমাদের আস্থা রয়েছে। তাঁর আরও শক্তি ও সামর্থ্য কামনা করি।”
তবে মূল পোস্টের নিচে মন্তব্যের ঘরে হাসনাত আরও লেখেন, “Copied from someone else’s post. I read it, liked it, and shared it. You can copy it too!” অর্থাৎ, “অন্য কারও পোস্ট থেকে কপি করা। আমি এটি পড়েছি, পছন্দ করেছি এবং শেয়ার করেছি। আপনিও চাইলে কপি করতে পারেন!”
মূল পোস্ট এবং মন্তব্যের সমন্বয়ে হাসনাত আব্দুল্লাহর এই বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি একদিকে যেমন আস্থার সুর রয়েছে, অন্যদিকে তেমনি প্রচ্ছন্ন শ্লেষ বা অনাস্থার ইঙ্গিতও খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।
যদিও ঠিক কোন প্রেক্ষাপটে তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি হাসনাত। তবে রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনদের ধারণা, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রতিক নানা ইস্যুকে কেন্দ্র করেই তিনি ইঙ্গিতপূর্ণ এই পোস্টটি দিয়েছেন।
