দেশে ফেরার পথে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তাৎক্ষণিকভাবে তাঁকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছালে তিনি অসুস্থ বোধ করেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দেশে ফেরার লক্ষ্যে বিমানবন্দরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ড. খন্দকার মোশাররফ হোসেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পুনরায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৫ নভেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। বর্তমানে সেখানে তাঁর সঙ্গে স্ত্রী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার অবস্থান করছেন।
