আসিফ মাহমুদের ‘দুই শব্দের’ স্ট্যাটাস ভাইরাল
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ‘ককটেল লীগ?’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দুই শব্দের এই স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্ট্যাটাসটি প্রকাশের আধা ঘণ্টার মধ্যে এতে প্রায় ১১ হাজার লাইক, ১ হাজার ১০০ মন্তব্য ও ৫৮টি শেয়ার পড়ে।
আসিফ মাহমুদের স্ট্যাটাসে ‘ককটেল লীগ?’ বলতে কাদের ইঙ্গিত করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তবে গত সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তার পক্ষে নতুন পাসপোর্টের আবেদন করার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এ নিয়ে সরকারের মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে জাতীয় সংসদের অধিবেশনেও শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাকে প্রতিহত করার সক্ষমতা চেয়ে মোনাজাত করেন ধর্ম প্রতিমন্ত্রী।
