শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না
ছবি : সংগৃহীত
দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার ভাষ্য, ফিরবেন না বলেই তিনি (শেখ হাসিনা) স্ট্যান্টবাজি শুরু করেছেন।
আজ সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন রাশেদ খান।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনা ডিসেম্বরে না ফেরার জন্য স্ট্যান্টবাজি শুরু করেছেন। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হস্তান্তর করা ভারতের দায়িত্ব। কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে পাসপোর্ট বা এনআইডি ইস্যু করার আইনগত সুযোগ নেই।
’ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরুক। যেহেতু সে পালিয়ে গেছে, তাই তাকে ফিরিয়ে দিতে হবে ভারতকে।’
একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করা যায় না বলেও জানান রাশেদ খান। তিনি বলেন, ‘পাসপোর্ট বা এনআইডি চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন। কারণ, ডিসেম্বরে তারা বাংলাদেশে ফিরবে না।’
শেখ হাসিনার যদি দেশে ফেরার এত আগ্রহ থাকে তাহলে পালালেন কেন? এমন প্রশ্ন তোলেন রাশেদ খান। বলেন, ‘আমার কাছে মনে হয়, হাসিনা যদি বাংলাদেশে ফেরেন সেসময় যে জনরোষ সৃষ্টি হবে সেখান থেকে হাসিনাকে রক্ষা করা কঠিন হবে। এই ভয়ে হাসিনা বাংলাদেশে ফিরবেন না।’
যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে সরকার তার নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করবে বলে আশ্বাস দেন তিনি।
