সামান্তাকে নিয়ে অপপ্রচার কারা করছে, যাদের ইঙ্গিত দিলেন মাহফুজ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এ ধরনের অপপ্রচারের জন্য দলটির তৎকালীন নেতৃত্বের দিকে ইঙ্গিত করেছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম।
পোস্টে তিনি লেখেন, ছয় সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন ও এর বিস্তারে যাদের মুখ্য অবদান রয়েছে, তাদের নিয়ে নোংরামি ও অপপ্রচার বাজে নজির। আগেও এমন ঘটনা ঘটেছে। দল গঠনের দিন থেকেই তৎকালীন নেতৃত্ব এ ধরনের নজির স্থাপন করেছিল। গতকালও সামান্তা শারমিন আপাকে নিয়ে একই ঘটনা ঘটল।
মাহফুজ আলম আরও লেখেন, লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিরা না থাকলে এত দ্রুত একটি দল গঠন সম্ভব হতো না। যারা ভিত গড়ে দিয়ে জোটের কারণে চলে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তারা দিনরাত পরিশ্রম করেছেন বলেই দলটিকে একটি কাঠামোয় পাওয়া গেছে। তিনি বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার স্বার্থে নীরব থাকা উচিত।
উল্লেখ্য, সম্প্রতি সামান্তা শারমিনের বাসা থেকে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটি সামান্তা শারমিনের নয়।
এদিকে, গত ২৩ অক্টোবর এনসিপি ঘোষিত নতুন কমিটিতে সামান্তা শারমিনকে শুধু যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়। আগের অবস্থান থেকে পদাবনতি হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে দলটি থেকে পদত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান সামান্তা শারমিন।
