বিএনপি হচ্ছে একটা ‘ফেইলড আওয়ামী লীগ’: হাসনাত আব্দুল্লাহ
বিএনপিকে ‘ফেইলড আওয়ামী লীগ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, বিভিন্ন আন্দোলন ও বিপ্লবের সুফল বিএনপি ভোগ করে, পরে আবার আওয়ামী লীগের মতো আচরণ করতে চায়।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত বলেন, 'বিপ্লবগুলোতে জনগণের অংশগ্রহণের যেসব ঐতিহাসিক ঘটনা ঘটে, সবগুলোর সুবিধা বিএনপি নেয়। নেওয়ার পরে বিএনপি আবার আওয়ামী লীগ হতে চায়। আওয়ামী লীগ একটা খাসিলত, একটা চরিত্র বা কিছু বৈশিষ্ট্যের বিষয়। আপনি যে দলই করুন না কেন, আপনার মধ্যে সেই বৈশিষ্ট্য থাকলে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন।'
বিএনপির রাজনৈতিক ব্যর্থতার পেছনে আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণের প্রবণতা কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, 'আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি। ৯০ সালে, ৯৬ সালে এবং আবার ২০০৬ সালে পথ দেখিয়েছে। বিএনপি হচ্ছে একটা ফেইলড আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হচ্ছে একটা সফল আওয়ামী লীগ।'
আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের তুলনা করে এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন প্রকল্প বিএনপি বাস্তবায়ন করতে চেয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনব্যবস্থাকে কলুষিত করতে সফল হলেও বিএনপি তা করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির রাজনৈতিক সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তিনি বলেন, জাতির প্রয়োজনে একটি জনগোষ্ঠীকে বারবার রক্ত দিতে হতে পারে না। নব্বইয়ের দশকের প্রজন্মের পর বর্তমান প্রজন্মও রক্ত দিয়েছে। প্রত্যেক প্রজন্মকে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যেতে হলে রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা কঠিন হবে।
প্রজন্মের পর প্রজন্ম পরিচয় সংকটে ভুগছে উল্লেখ করে তিনি বলেন, একটি প্রজন্ম নিজেদের পরিচয় খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায়। এরপর নতুন প্রজন্ম একই সংকটের মুখোমুখি হয়।
