৭ কিলোমিটার হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী
বিএনপির উদ্যোগে আয়োজিত সার্বভৌমত্ব শোভাযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে রাজধানীর নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে দুপুর আড়াইটা থেকে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশ শেষে নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি। এটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও নূরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়া কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ইউনিটের নেতাকর্মীরাও অংশ নেন।
