রাড্ডা মামলার পলাতক আসামি বিএনপির মিছিলে, দাবি আরমানের
মিরপুরের রাড্ডা এমএসএইচ-এফপি সেন্টারে হামলার মামলার এক অভিযুক্ত আসামি প্রকাশ্যে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে দাবি করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সংসদ সদস্য। পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, ‘পলাতক’ আসামি প্রকাশ্যে মিছিল করলেও পুলিশ তাকে দেখতে পাচ্ছে না কেন?
ফেসবুক পোস্টে মীর আহমাদ বিন কাসেম দাবি করেন, মিরপুরের রাড্ডা এমএসএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান সমন্বয়কারী ও এলাকার পরিচিত ব্যক্তি পাপেল প্রকাশ্য দিবালোকে দলবল নিয়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি পোস্টের সাথে একটি ছবি ও ভিডিও উল্লেখ করেন।
পোস্টে তিনি আরও বলেন, পুলিশ বারবার বলছে, পাপেল পলাতক। অথচ যিনি প্রকাশ্যে রাস্তায় মিছিল করছেন, তাঁকে কীভাবে পলাতক বলা হচ্ছে? এটিকে জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য অভিযোগ করেন, মা ও শিশুর চিকিৎসাকেন্দ্রে হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের এভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া ঢাকা-১৪ আসনের মানুষের মেনে নেওয়ার কথা নয়।
তিনি দাবি জানান, আমি স্পষ্টভাবে দাবি জানাচ্ছি —অবিলম্বে পাপেলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং রাড্ডা হামলার সাথে জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো। এর দায় সম্পূর্ণভাবে প্রশাসনকেই নিতে হবে।
