শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস লাগবে না: শিশির মনির
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের ব্যবস্থা করা যেতে পারে। এ ক্ষেত্রে ট্রাভেল পাসের প্রয়োজন নেই।
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিশির মনির এসব কথা বলেন।
তিনি লেখেন, ‘বন্দিবিনিময় চুক্তির অধীন হস্তান্তরের জন্য ট্রাভেল পাসের কোনো প্রয়োজন নেই। প্রথমে ভারতের আদালতে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হতে হবে। এরপর ভারত সরকার বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। ট্রাভেল পাস চায় কেন?’
সম্প্রতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ট্রাভেল পাস দেওয়া হবে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।
