জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: পাটওয়ারী
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, এলপিজির দাম যেভাবে বাড়ছে, তাতে জনগণের খালি গ্যাসের সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি!
সোমবার (২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
এর আগে সন্ধ্যায় গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ৫.৫ কেজির সিলিন্ডার ৯৪৪ টাকা, ১২.৫ কেজি ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা, ৪৫ কেজির সিলিন্ডার ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়।
নতুন এই আদেশ সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে বলে জানায় বিইআরসি।
