পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা: ডা. শফিকুর রহমান
ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে এ খাতকে ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা।
পরিস্থিতি উসকে দিয়ে শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা রুখতে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শক্ত হাতে দমন করতে হবে।
সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।
তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
এ পরিস্থিতিতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।
