রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া সাবেক দুই মেয়রসহ তিন আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ঈসা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্তরা হলেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রতন।
এর আগে সোমবার বিকেল ৪টার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন বাসা নং-২/১০ এর সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নারী ও পুরুষ সদস্য অবৈধ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলির দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।
