ইশরাকের পদত্যাগের পেছনে জামায়াত-এনসিপির সাইবার বুলিং: ফারুক হাসান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সাইবার বুলিংয়ের কারণেই ইশরাক হোসেনকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান।
সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ফারুক হাসান এ কথা বলেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘জামায়াত ও এনসিপির পক্ষ থেকে অনবরত সাইবার হামলার শিকার হতে হয়েছে ইশরাক হোসেনকে, যার জের ধরে শেষ পর্যন্ত তাকে পদত্যাগের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলো। অথচ ইশরাক হোসেন মাদক ব্যবসায়ীদের জন্য এক আতঙ্কের নাম ছিলো।’ ফারুকের মন্তব্য, ইশরাক হোসেনের সাথে অবিচার করা হলো। ঢাকা শহরে মাদক কারবারিরা আরো বড় মাফিয়া হয়ে উঠবে।
এর আগে দেওয়া এক স্ট্যাটাসে ফারুক লিখেন, ব্যক্তি ইশরাক হোসেনের সমালোচনা থাকতে পারে, ভুল ত্রুটিও থাকতে পারে; কিন্তু ইশরাক হোসেনের ভিতরে তারুণ্যের বারুদ প্রবাহমান। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের প্রয়োজন সে যেকোনো দলেরই হোক না কেন। আজ ইশরাক হোসেন পদত্যাগ করলে ঢাকা শহরে মাদক কারবারিরা আরো বড় মাফিয়া হয়ে উঠবে।
ফারুক আরও লিখেন, বাংলাদেশকে যারা মাদকমুক্ত দেখতে চায় না, তারাই মূলত ইশরাক হোসেনের সমালোচনা করছে! মাদকের বিরুদ্ধে ইশরাক হোসেন বাঘের বাচ্চার মতো কাজের একটা কাজ করেছেন!
