প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে তথ্যমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের গুঞ্জন এবং তা ঘিরে বিএনপি অ্যাক্টিভিস্টদের অবস্থান নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে এ ঘটনার পেছনে পূর্ণমন্ত্রী পার্থের হাত আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
পোস্টে তিনি লেখেন, বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হয়েছে, আবার আজ প্রধানমন্ত্রী সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হয়েছে। কিন্তু লিখতে না লিখতেই জানা গেছে, পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া।
হাসনাত আরও লেখেন, এখন আবার প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করতে না বলে ভালো করেছেন, তা নিয়ে লিখতে হবে। মাঝখান দিয়ে ইশরাক নিজের দলের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের চিনে গেছেন, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন এবং উল্লাস করেছেন।
পোস্টের শেষাংশে প্রতিমন্ত্রী ইশরাকের প্রতি পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করার আহ্বান জানান হাসনাত। পাশাপাশি, এই ‘মিডিয়া ক্যু’র পেছনে পার্থের হাত আছে কি না, তা খতিয়ে দেখার কথা বলেন তিনি।
