প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় ইশরাক হোসেন
ছবি : সংগৃহীত
ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন তরুণ রাজনীতিবিদ ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। একই দিনে মন্ত্রিসভার মোট ৪৯ জন সদস্য শপথ নেন। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে। ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা এই তরুণ নেতা ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিয়ে আলোচনায় আসেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে জয়ী হয়ে জাতীয় সংসদে তার অভিষেক ঘটে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি নতুন নেতৃত্বের বিকাশে ইতিবাচক বার্তা দেবে।
