জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার আহ্বান আমিই জানিয়েছিলাম: কর্নেল অলি
ছবি : সংগৃহীত
এলডিপির চেয়ারম্যান ও ১১ দলীয় জোটের শরিক নেতা কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম দাবি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করার প্রস্তাব তিনিই দিয়েছিলেন। শুক্রবার, ৬ ফেব্রুয়ারি রাতে কক্সবাজারের মহেশখালীর হোয়ানকে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় এ দাবি করেন তিনি।
কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সমর্থনে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি বলেন, তৎকালীন সময়ে মেজর মীর শওকত (পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল) তাদের মধ্যে সিনিয়র ছিলেন এবং তার লেখা স্মৃতিচারণেও বিষয়টির উল্লেখ রয়েছে। কর্নেল অলি বলেন, তিনি নিজেই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেন এবং দাবি করেন, যদি তিনি জিয়াকে দেওয়ানহাট থেকে না নিয়ে আসতেন, তবে পাঁচ মিনিটের মধ্যেই তাকে হত্যা করে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হতো।
মুক্তিযুদ্ধের সময় প্রথম বিদ্রোহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেটিই ছিল তার জীবনের প্রথম যুদ্ধ এবং শেষ যুদ্ধের কথা এখন তিনি বলছেন। তার ভাষায়, ক্যাপ্টেন অলি আহমেদ হিসেবে তিনি প্রথম বিদ্রোহ করেছিলেন এবং তার আগে কেউ বিদ্রোহ করার সাহস পাননি।
কর্নেল অলি আরও দাবি করেন, তার কাছে এ বিষয়ে লিখিত প্রমাণ রয়েছে। তিনি বলেন, পিএইচডি গবেষণার মাধ্যমে তিনি বিষয়টি প্রমাণ করেছেন এবং সেই ডকুমেন্ট আর্মি হেডকোয়ার্টারেও সংরক্ষিত আছে, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তা পাওয়া যায়। তার বক্তব্য অনুযায়ী, ওই নথিতে লেখা আছে যে ২৫ মার্চ অর্থাৎ ২৬ মার্চ রাতে ক্যাপ্টেন অলি আহমেদ ৮ম বেঙ্গল নিয়ে বিদ্রোহ করেন, যা জিয়াউর রহমানের নিজের হাতের লেখা।
বক্তব্যের একপর্যায়ে বিএনপির একটি অংশকে সমালোচনা করে তিনি বলেন, কিছু অশিক্ষিত মানুষ জামায়াত ইসলামীর আমিরকে নিয়ে বিদ্রূপ করছে, কারণ তারা লেখাপড়া করে না এবং সারাদিন চাঁদা তুলতেই ব্যস্ত থাকে।
পথসভায় উপস্থিত জনগণের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে কর্নেল অলি বলেন, হামিদুর রহমান আযাদের ওপর আস্থা রাখলে তিনি ভবিষ্যতে শীর্ষস্থানীয় মন্ত্রীদের একজন হবেন। তিনি আরও বলেন, বিএনপি থেকে বেরিয়ে আসার দিন থেকেই ওই দলের পতন শুরু হয়েছে এবং দেশে আর দালালদের সরকার প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।
