দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চান তারেক রহমান
নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আলোচনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চায় বিএনপি। রাজনীতিতে পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে সরে এসে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টকে’ যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বললে অনেক কথা বলতে পারি, এ খারাপ ও খারাপ। কিন্তু তাতে সমাধান আসবে না। অনেক সমস্যা আছে সেগুলো নিরসনে কিছু প্ল্যান গ্রহণ করেছি। ভবিষ্যতে আপনারা যারা দেশকে পরিচালনা করবেন তারা কীভাবে দেশকে পরিচালনা করবেন তা শুনতে চাই।
তরুণদের বিদেশে শিক্ষা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিদেশে পড়াশোনার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন। তাদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি।
খাল খনন করলে বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা থেকে মুক্তির পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো যাবে জানিয়ে তারেক রহমান বলেন, ‘তাই ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের।’
বিএনপির চেয়ারম্যান বলেন, প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়নের চেষ্টা না করলে রাজনৈতিক দলের কোনো লাভ নেই, জনগণ তাদের পাশে থাকবে না।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। চাঁদাবাজি সমস্যা নানাভাবে সমাজে ছড়িয়ে রয়েছে। একটা সরকারের অনেক বার্তা অনেক কিছুকেই সমাধান করতে পারে। সরকারের বার্তা যদি থাকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে এই অপরাধ অনেকখানিই কমে যাবে।’
বিএনপি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে বিশেষ নজর দিতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, ‘আগামী ৫-১০ বছরে কী ধরনের ভোকেশনাল কাজ বৈশ্বিকভাবে গুরুত্ব পাবে, সেগুলো খুঁজে বের করে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ এবং ভাষা শিখিয়ে যদি বিদেশে কাজে পাঠানো হয় তাহলে বিশেষ মানের শ্রমশক্তি রফতানি করা যাবে।’
তিনি আরও বলেন, ‘আমি বলে দিতে পারতাম, জেলায় জেলায় হাসপাতাল তৈরি করা হবে। কিন্তু তাতে পাঁচ-সাত বছর চলে যাবে এবং সেটি টেকসই নয়। আমরা হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে সার্বিক স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলে টেকসই ব্যবস্থা তৈরি করতে চাই।’
স্কুলগুলোকে অডিও-ভিজ্যুয়াল সংযোগে আনতে চান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘যার মাধ্যমে দেশের নানাপ্রান্তের সেরা শিক্ষকদের পাঠদান দেয়ার ব্যবস্থা করা যাবে। একইভাবে শিক্ষকদের প্রশিক্ষণদের জন্যও আধুনিক ডিভাইস সরবরাহ করা হবে।’
চট্টগ্রাম ও আশেপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন এই ইয়ুথ পলিসি টকে।
দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে এলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি।
এ উপলক্ষে ভোর থেকেই পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল নেমেছে। চট্টগ্রাম জেলার নানা প্রান্ত থেকে মানুষ জড়ো হয়েছে তারেক রহমানের বক্তব্য শুনতে।
চট্টগ্রামের সমাবেশ শেষে তারেক রহমান বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোনাগাজী, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত মাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন।
