বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাবেক গণফোরাম নেতা আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।
বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় আবু সাইয়িদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দেন।
উল্লেখ্য, আবু সাইয়িদ ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পাবনা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য থাকার পাশাপাশি ওই সময় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০১৮ সালে তিনি গণফোরামে যোগ দেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে পাবনা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। সেই নির্বাচনে নৌকার প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার শামসুল হকের কাছে পরাজিত হন। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়ে ২০২৪ সালের ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। সেই নির্বাচনেও তিনি শামসুল হকের কাছে পরাজিত হন।
