বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ছবি: সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগ বহিষ্কার হওয়া ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। একই সঙ্গে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ওই ৬ নেতা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. খায়রুল আমিন আজাদ, গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়ন বিএনপির সদস্য আবুল কাশেম, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার লিয়াকত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, কক্সবাজার পৌর বিএনপির সদস্য আশরাফুল হুদা ছিদ্দিকী ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জমান মতিন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারও (১৫ জানুয়ারি) ইতোপূর্বে বহিষ্কার হওয়া ৩ নেতাকে দলে ফিরিয়েছিল বিএনপি। ওইদিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা পৃথক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
