জিয়া উদ্যানে হতে পারে খালেদা জিয়ার শেষ ঠিকানা
ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর স্বাভাবিকভাবেই দেশজুড়ে আলোচনায় এসেছে তার জানাজা ও দাফনের স্থান নিয়ে বিষয়টি। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে বাংলাদেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জানাজার সম্ভাব্য স্থান হিসেবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ বিবেচনায় রাখা হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও একই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে দাফন করা হতে পারে। সেখানেই শায়িত আছেন তার স্বামী, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। স্বামীর কবরের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। অবশেষে আজ সকালে তিনি দেশ ও জাতিকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান।
