‘কঠিন সময়ে জাতির আশার প্রতীক ছিলেন খালেদা জিয়া’
ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোতে আশার আলো হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং ছিলেন প্রতিরোধ, মানবিকতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুল আলম এই মন্তব্য করেন। তিনি লেখেন, বেগম খালেদা জিয়া ছিলেন সব নেতার মধ্যে সবচেয়ে করুণাময় একজন, একই সঙ্গে প্রতিরোধের প্রতীক এবং সর্বোচ্চ স্তরের দেশপ্রেমিক। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি একজন যোদ্ধার মতো দেশের মানুষের পাশে ছিলেন এবং জাতির সবচেয়ে সংকটময় সময়ে আশার আলো হয়ে উঠেছিলেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রকৃত চেতনাকে সংজ্ঞায়িত করেছেন। ব্যক্তিগত ও রাজনৈতিক—উভয় জীবনেই তিনি ছিলেন অসংখ্য মানুষের নায়ক ও অনুপ্রেরণার উৎস। শফিকুল আলম তার বিদেহী আত্মার শান্তি কামনা করে লেখেন, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করেন এবং তিনি চির শান্তিতে বিশ্রাম নেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল হয়ে পড়ে এবং তিনি সংকটময় সময় পার করছিলেন বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
