‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন তারেক রহমান’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। এ তথ্য জানিয়েছেন দলের চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর প্রবাসে থাকার পর তারেক রহমান ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাসায় অবস্থান করবেন। রাজধানীর গুলশান এভিনিউ ১৯৬ নম্বরের ওই বাড়িতে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ভবনের বাইরের দেয়াল নতুন রঙে সজ্জিত করা হয়েছে এবং সীমানা প্রাচীরে কাঁটাতারের নিরাপত্তা বলয় বসানো হয়েছে।
এর পাশাপাশি গুলশান-২, ৮৬ নম্বর রোডে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েও নিরাপত্তা ও প্রস্তুতির কাজ চলছে।
ফজলে এলাহী আকবর জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার এক থেকে দুই দিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, চলতি মাসে ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।
অতিরিক্তভাবে, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াও চলছে।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
