দাবি না মানলে আবারও গণআন্দোলনের হুমকি জামায়াতের
ছবি : সংগৃহীত
নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আবারও রাজপথে সক্রিয় হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের দাবিগুলো মানা না হলে ফের শুরু হবে গণআন্দোলন।
শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুমা সিলেট নগরীর কোর্টপয়েন্ট এলাকায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ ও গণমিছিলের পূর্বে এক সমাবেশে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
জুবায়ের বলেন, পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সময় হলে জনগণই বুঝবে এটি কেয়ারটেকার সরকারের মতোই কার্যকর ও গ্রহণযোগ্য একটি ব্যবস্থা। তিনি দাবি করেন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচটি দাবির পক্ষে জনসমর্থন বাড়ছে, এবং এগুলোকে অগ্রাহ্য করা হলে রাজপথেই এর জবাব দেওয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা, যাদের মধ্যে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট-১ আসনে মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান (সিলেট-২), মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, মাওলানা লোকমান আহমদ (সিলেট-৩), শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা অ্যাডভোকেট জামিল আহমদ রাজু এবং ইসলামী ছাত্রশিবিরের মহানগর ও শাবিপ্রবি শাখার সভাপতি।
এহসানুল মাহবুব জুবায়ের তার বক্তব্যে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রব্যবস্থার সংস্কারে যে ঐকমত্য কমিশন গঠন করেছে, তারা ইতোমধ্যে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে এবং একাধিক প্রস্তাবে ঐকমত্য এসেছে। সেই প্রস্তাবগুলোর মধ্যেই রয়েছে জুলাই অধ্যাদেশ জারির বিষয়টিও। তিনি বলেন, বিষয়টি জনগণের ভোটের মাধ্যমে নির্ধারণে সরকারকে দ্রুত গণভোট বা সাংবিধানিক প্রক্রিয়া গ্রহণ করতে হবে।
জামায়াতের এ আন্দোলন এমন এক সময়ে জোরালো হচ্ছে, যখন দেশের রাজনীতিতে নির্বাচনপূর্ব প্রস্তুতি ও সংস্কার নিয়ে নানা আলোচনা চলছে। সংশ্লিষ্ট মহল বলছে, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও আলোচনার সুযোগ থাকলেও, যেকোনো পক্ষের আল্টিমেটাম ও রাজপথের চাপ সামগ্রিক প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।
