অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এনসিপিকেই নিতে হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারে অংশগ্রহণ করলেও সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় এসে পড়ছে এনসিপির ওপর।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ শীর্ষক তৃতীয় সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের বর্তমান রাজনীতি মিডিয়া, ব্যবসায়ী এবং মাফিয়াচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। রাজনীতির মূল লক্ষ্য—জনগণের প্রতিনিধিত্ব—তা আজ হারিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এখন জনগণের চেয়ে কিছু গোষ্ঠীর কাছে বেশি জবাবদিহি করছে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি।
তিনি মনে করেন, রাজনীতির হাল রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। মানুষ এনসিপির কাছ থেকে ভিন্নধর্মী রাজনীতির প্রত্যাশা করে বলেও মন্তব্য করেন তিনি। নিজ দলের সীমাবদ্ধতা স্বীকার করে বলেন, “আমরা ভুল স্বীকার করতে জানি, আত্মসমালোচনা করি এবং পরামর্শ গ্রহণে প্রস্তুত আছি। আমরা সংশোধিত পথে বাংলাদেশপন্থী রাজনীতিই করতে চাই।”
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, এনসিপির নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে। ৫ আগস্ট কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর যেভাবে প্রচার করা হয়েছে, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, “আমরা মিডিয়া-বিরোধী নই, তবে চাই সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় থাকুক।”
