আগামী নির্বাচন হবে সুষ্ঠু: রিজভী
আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও যৌক্তিক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার ভাষ্য অনুযায়ী, এ নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা ও বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ দাবির প্রতিফলন ঘটবে।
শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে দলের অসুস্থ ও ত্যাগী নেতা আবু তাহের (তাহের ঠাকুর) কে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপি পরিবারের পক্ষ থেকে তাহের ঠাকুরের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
রিজভী অভিযোগ করেন, “ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার পতন তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর থেকেই পার্শ্ববর্তী দেশটি ষড়যন্ত্র শুরু করেছে।”
তিনি বলেন, “আমরা এখন গণতন্ত্রের পথে হাঁটছি। সৌধ নির্মাণ এখনো শেষ হয়নি, ষড়যন্ত্রও শেষ হয়নি। বিগত ১৬ বছর ধরে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আমাদের বহু নেতাকর্মী গুম হয়েছেন। এখনও মামলা-গ্রেপ্তার থেকে মুক্ত নন অনেকেই। ফ্যাসিবাদের সেই দিনগুলো ছিল ভয়ানক। আজকের এই অবস্থায় এসেও ষড়যন্ত্র থেমে নেই।”
বিএনপির এই নেতা বলেন, “শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ধরে আমাদের উপর নিপীড়ন চালিয়েছেন। দেশের সম্পদ লুট করে দুবাই, কানাডা ও মালয়েশিয়ার মতো দেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। মিডিয়া নিয়ন্ত্রণ করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। কিন্তু আমরা কখনও মাথা নত করিনি।”
আবু তাহেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রিজভী বলেন, “লোহার চুল্লিতে কাজ করে সংসার চালালেও দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তাহের ঠাকুর। জেলা বিএনপিকে বলেছি যেন নিয়মিত তার খোঁজখবর রাখে। আমরা সবাই তার পাশে আছি। তারেক রহমানের পক্ষ থেকে একটি উপহার নিয়েই আমি এসেছি।”
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, তাহের ঠাকুরের ছেলে ও চাটমোহর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বরিউল করিম গোলাম এবং এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, তাহের ঠাকুর চাটমোহর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি এবং তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ত্যাগী এই নেতার অসুস্থতা ও মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে উঠে আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নেতাকর্মীদের মানবিক সহায়তার নির্দেশ দেন।
