ঈদযাত্রায় দুর্ভোগ থেকেই যাচ্ছে: রিজভী
ছবি: সংগৃহীত।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যদিও বর্তমান সরকারের আমলে ঈদযাত্রার দুর্ভোগ কিছুটা কমেছে বলে অনেকে মনে করেন, বাস্তবে ভোগান্তির চিত্র এখনও স্পষ্ট। অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রবণতা আগের মতোই বিদ্যমান।
শুক্রবার (৬ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, পরিবহন খাতে এখনো সরকারি দলের মদদপুষ্ট লোকজন সক্রিয় রয়েছে, যার ফলে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।
তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে দলীয় বিবেচনায় নয়, বরং ন্যায়বিচারের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া দরকার। বর্তমানে রাজধানী ঢাকা ক্রমেই নিরাপত্তাহীন নগরীতে পরিণত হচ্ছে, অথচ সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। এই অবস্থায় একটি জবাবদিহিমূলক নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, সারাদেশে ছিনতাই, ডাকাতি ও অপহরণের ঘটনা ক্রমেই উদ্বেগজনকভাবে বাড়ছে। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ১৪ হাজার অপরাধ সংঘটিত হয়েছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে গণপিটুনির ঘটনাও বেড়ে গেছে।
ঈদযাত্রার দুর্ভোগ প্রসঙ্গে রিজভী বলেন, রাজধানী থেকে যাত্রা করা অনেক বাস ৫ থেকে ১০ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে। ২০-২৫ কিলোমিটার দীর্ঘ যানজটে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এর সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় যেন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।
