দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ । তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালানোর উদ্দেশ্যই হচ্ছে—দেশের বিরোধী দলগুলো যেন সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস না পায়।
বৃহস্পতিবার ১৮ এপ্রিল এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিবসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লতিফুল্লাহ জাফরু, বংশাল থানাধীন ৩৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মাকসুদ হোসেন এবং সদস্য মোহাম্মদ আরিফ হাসান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত কতৃর্ক তাদের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম বিবৃতিতে বলেন, ৭ জানুয়ারির ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর শাসকগোষ্ঠী নানা কায়দায় বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন শুরু হয়েছে। ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশব্যাপী বিরোধী দল ও মতের মানুষদের ঘায়েল করতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা দেয়া এবং জামিন নামঞ্জুর করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে।
মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে সাজা প্রদান ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে কতৃর্ত্ববাদী সরকার এখন তাদের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে। উপরোল্লিখিত নেতাদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ সে কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে শাসকগোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে।
বিএনপি মহাসচিব বিবৃতিতে হাবিবুর রশীদ হাবিবসহ উল্লিখিত নেতাদের সাজা বাতিল, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।
