আবারও ওয়াসার পানির দাম বৃদ্ধির পায়তারা : রিজভী
সরকার আবারও ওয়াসার পানির দাম বৃদ্ধির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তোড়জোড় শুরু হয়েছে দ্রুত পানির দাম বৃদ্ধির জন্য। জনগণের পকেট কাটার আরেকটি কৌশল নিয়েছে সরকার।’
তিনি বলেন, ‘ঢাকা ওয়াসা লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরেও অন্যায়ভাবে পানির মূল্যবৃদ্ধির আয়োজন চলছে।’
‘দেশের শহরগুলোতে বাস করা প্রায় ৮০ শতাংশ মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে; বলে উল্লেখ করে রিজভী বলেন, ‘বড় শহরগুলোতে সুপেয় পানির বড়ই সংকট। সেক্ষেত্রে অযৌক্তিকভাবে ওয়াসার পানির মূলবৃদ্ধি হলে নাগরিক জীবনে আরেকটি নতুন সংকট তৈরি হবে। ডামি সরকার জনগণের বাঁচা-মরাকে পাত্তা দেয়না। বিশেষ করে মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের রক্ত চুষে নিতেই এরা তৎপর।’
সারাদেশের তীব্র গ্যাসের সংকট থাকলেও এরমধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোরও তৎপরতা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‘সরকারের নীতিই গরীব মানুষের পকেট কাটা’ এমন মন্তব্য করে রিজভী বলেন, ‘ইতোমধ্যে উত্তরাঞ্চলের ৪টি জেলায় গ্যাস সংগ্রহ বন্ধ হয়ে গেছে। গ্যাসের সংকটে সার কারখানা থেকে শুরু করে শিল্প কারাখানা বন্ধ হওয়ার উপক্রম। দেশে এক ভয়াবহ আর্থিক নৈরাজ্য বিরাজ করছে।’
উত্তরের চার জেলার গ্যাস সংযোগ বন্ধ নিয়ে দুপুরে রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের আগে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানায়- পাইপলাইন মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক ভাবে অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশও করেছে পিজিসিএল।
এই সংবাদ সম্মেলনের পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন এ্যাড. রুহুল কবির রিজভী। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে সারা দেশে ছয়দিনের লিফলেট বিতরণ কর্মসূচির পালন করছে বিএনপি।
