আজও মিলছে না মির্জা ফখরুলের মুক্তি
ফাইল ফটো
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মিললেও আজও মুক্তি মিলছে না। আজও তার কারামুক্ত হওয়ার সম্ভাবনা কম। আরো একদিন কারাগারে থাকতে হতে পারে এই প্রবীন রাজনীতিবিদকে। কারণ জেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কোনো কাগজ পায়নি।
কেরানীগঞ্জ কারাগারের সিনিয়র জেল সুপার সুভাস কুমার ঘোষ জানান- তারা মির্জা ফখরুলের জামিন সংক্রান্ত কোনো কাগজ পাননি। আজকের মধ্যে কাগজ না পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন কারাকর্তৃপক্ষ।
জানা গেছে- বিএনপি মহাসচিবের ১৩টি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট রয়েছে। সেগুলো প্রত্যাহরের কাগজ কারাগারে না পৌছানো পর্যন্ত কারামুক্ত হবেন না।
মির্জা ফখরুল ইসলামের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা ওইসব প্রডোকশন ওয়ারেন্ট প্রত্যাহারের জন্য কাজ ইতিমধ্যে শুরু করছি। এগুলো দুপুরের শেষ হলে উনারা মুক্তি পাবেন। আমরা আশা করছি বিকালেই প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের কাগজপত্র কারাগারে পৌঁছে যাবে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের হয়। সমাবেশকালীন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশের করা মামলায় ২৯ অক্টোবর গ্রেপ্তার করা হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এই মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ওই মামলায় গতকাল বুধবার মির্জা ফখরুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জর করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের।
