নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটুট বিএনপি : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে বিএনপি এখনও অটুট রয়েছে। তিনি বলেন, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এখন পর্যন্ত আমাদের কাছে যে সিদ্ধান্ত তা হচ্ছে কোনো নির্বাচনে আমরা যাব না। এই সিদ্ধান্ত আমাদের আগেই নেওয়া।
সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা আমাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সব কিছু ওরা ধ্বংস করে দিয়েছে। কোথায় আমাদের স্বাধীনতা? একই দিনে ভারতের বোম্বে যে সিনেমা রিলিজ সেটা ঢাকাতেও রিলিজ হয়, এটা কি স্বাধীনতার নমুনা?’
তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের সাহেবরা স্বাধীনতার কথা বলেন। আপনারা ক্ষমতায় আসার পর থেকে মনে হয়েছে যে, আমরা বোধহয় একটা পরাধীন দেশে বাস করছি, আমরা পরনির্ভরশীল একটা দেশে বাস করছি। এই কারণেই আজকে দেশের এই করুণ অবস্থা, জনগণের চরম দুরাবস্থা, অর্থনীতির ভঙ্গুর অবস্থা।’
রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন, তলে তলে আমরা আঁতাত করছি, অমুক করছি। এই তলে তলের মধ্যে তাদের (আওয়ামী লীগের) অন্য উদ্দেশ্য আছে। বাংলাদেশের যে স্বাতন্ত্র্য সেটাকে তারা ম্লান করে দিতে চায়, বিলীন করে দিতে চায়। তাদের বক্তব্য উদ্দেশ্যেমূলক, বিভ্রান্তিকর, ইতিহাস বিরোধী, দেশের গণতন্ত্র বিরোধী।’
