জিয়ার ম্যুরাল ভেঙে স্বাধীনতাকে অপমান করলো আওয়ামী লীগ: ফখরুল
রাতের আঁধারে নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙার ঘটনা ‘ন্যক্কারজনক’ বলে অভিহত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । তিনি বলেন, স্বাধীনতার ঘোষকের ম্যুরাল ভেঙে ফেলার মধ্য দিয়ে আমাদের রক্তার্জিত জাতীয় স্বাধীনতাকে অপমান করা হলো।
আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী শুধু গণতন্ত্রকেই ধ্বংস করেছে তা নয়, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্রমান্বয়ে দুর্বল করে যাচ্ছে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশ পরিচালনায় সবক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকার এখন জুলুম—নির্যাতন, প্রতিহিংসা ও প্রতিশোধের সর্বনাশা খেলায় বেপরোয়া হয়ে উঠেছে।
তিনি বলেন, বর্তমান সরকার চরম প্রতিহিংসাপরায়ণ বলেই নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ জিয়া হলের ওপরে থাকা জিয়াউর রহমানের ম্যুরালের অস্তিত্ব সহ্য করতে পারে না। যে কারণে দলীয় ক্যাডারদের দিয়ে তা ভেঙে ফেলেছে। শহরের চাষাড়ায় জিয়াউর রহমানের নামে স্থাপিত একটি অডিটোরিয়াম ‘জিয়া হল’ নামে পরিচিত। অডিটোরিয়ামটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ জিয়া হলে জিয়াউর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়।
ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
