ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে বিএনপিকে যা বললেন ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের চেষ্টাকে বিএনপির ‘পাগলামি আর অবাস্তব কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে।
আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কতটা দেউলিয়া আর বেপরোয়া হলে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বর্জন করে সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা করে। বঙ্গবন্ধু হত্যার পর ভারতের সাথে বৈরিতার কারণে এদেশেরই বেশি ক্ষতি হয়েছে। একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, কতটা অবিবেচক হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলতে পারে।
ওবায়দুল কাদের বলেন, আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চায়, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেয়। আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে দিশেহারা হয়ে গেছে।
বিএনপি নেতা রুহুল কবির রিজভীর দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, একজন নেতা নিজের চাদর ( ভারতীয় শাল) ছুড়ে ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন তুলে ধরেছে। এটা কতটা অবাস্তব? এটা কী করে সম্ভব?
২৫ মার্চ গণহত্যা দিবসে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবো, মহানগর উত্তর, দক্ষিণ আয়োজন করবে। আমাদের একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দাবি আরও জোরদার করবো। সে জন্য প্রোগ্রামটি বাইরে করবো।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
