যে দেশে সবাই রাজা, প্রজা থাকে কে?
আমরা চিন্তা করি একটি দেশের অর্থনৈতিক দুর্দশা শুধু সম্পদের অভাবে সৃষ্টি হয় না, সৃষ্টি হয় তখনও, যখন সম্পদ সৃষ্টিকারী মানুষের চেয়ে সম্পদ ভোগকারী মানুষের মর্যাদা বেশি হয় আর আমার ধারণা হলো যখন পরিশ্রমের চেয়ে পরিচয়, যোগ্যতার চেয়ে তদবির এবং উৎপাদনের চেয়ে ক্ষমতার মূল্য বেড়ে যায়, তখন একটি জাতি ধীরে ধীরে অর্থনৈতিক ও নৈতিক দেউলিয়াত্বের দিকে এগিয়ে যায়।
আমাদের সমাজে আমরা সবাই বড় হতে চাই, কিন্তু বড় কিছু সৃষ্টি করতে চায় কতজন? সবাই নেতৃত্ব দিতে চায়, কিন্তু দায়িত্ব নিতে চায় কতজন? সবাই সম্মান প্রত্যাশা করে, কিন্তু অন্যের শ্রমকে সম্মান করে কতজন? চারদিকে পদ-পদবি, ক্ষমতা ও প্রভাবের এত প্রতিযোগিতা দেখে প্রশ্ন জাগে—যে দেশে সবাই রাজা, প্রজা থাকে কে?
একবার ভাবুন, একটি গ্রামের সবাই যদি চেয়ারম্যান হতে চান, তাহলে জমিতে ধান ফলাবেন কে? সবাই যদি কারখানার মালিক হতে চান, তাহলে যন্ত্র চালাবেন কে? সবাই যদি নির্দেশ দেওয়ার মানুষ হন, তাহলে নির্দেশ বাস্তবায়ন করবেন কে? একটি সমাজের সৌন্দর্য সবাই একই অবস্থানে থাকার মধ্যে নয়; বরং প্রত্যেকে নিজ নিজ অবস্থানে মর্যাদা ও ন্যায্য অধিকার নিয়ে বেঁচে থাকার মধ্যে।
একজন কৃষক সারা বছর মাটির সঙ্গে যুদ্ধ করে ধান উৎপাদন করেন। অথচ সেই ধান বিক্রি করে অনেক সময় উৎপাদন খরচই তুলতে পারেন না। একজন পোশাকশ্রমিক বিদেশিদের জন্য হাজার হাজার দামি পোশাক তৈরি করেন, অথচ নিজের সন্তানের জন্য ঈদে একটি ভালো পোশাক কিনতে গিয়ে তাঁকে দীর্ঘশ্বাস ফেলতে হয়। একজন নির্মাণশ্রমিক অন্যের জন্য বহুতল ভবন নির্মাণ করেন, অথচ তাঁর নিজের মাথা গোঁজার ঠাঁইটুকু থাকে অনিশ্চিত। একজন প্রবাসী নিজের যৌবন বিদেশের মাটিতে বিসর্জন দিয়ে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ করেন, অথচ দেশে ফিরে নিজের প্রাপ্য সম্মানটুকু পেতেও তাঁকে সংগ্রাম করতে হয়।
কী নির্মম আমাদের অর্থনৈতিক বাস্তবতা! যাঁরা অন্যের জীবনকে সুন্দর করেন, তাঁদের নিজেদের জীবনই থেকে যায় অসুন্দর। অর্থনীতির একটি মৌলিক সত্য হলো, সম্পদ সৃষ্টি না করে কেবল সম্পদের মালিকানা পরিবর্তনের মাধ্যমে কোনো জাতি দীর্ঘমেয়াদে সমৃদ্ধ হতে পারে না। অথচ আমাদের সমাজে এমন একটি সংস্কৃতি গড়ে উঠছে, যেখানে একজন মানুষ কীভাবে ধনী হয়েছেন, তার চেয়ে তিনি কতটা ধনী হয়েছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। তাঁর সম্পদ কত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, কতটুকু উৎপাদন বাড়িয়েছে কিংবা রাষ্ট্রের অর্থনীতিতে কী অবদান রেখেছে—এসব প্রশ্ন যেন ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।
ধরা যাক, দুজন মানুষের কাছে একশ কোটি টাকা করে রয়েছে। একজন শিল্পকারখানা প্রতিষ্ঠা করে এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করলেন। অন্যজন সেই অর্থ দিয়ে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি ও ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়লেন। উভয়ের ব্যয়ই অর্থনীতিতে ভূমিকা রাখে, কিন্তু দীর্ঘমেয়াদি উৎপাদনশীলতার বিচারে তাঁদের অবদান এক নয়। অথচ সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় অনেক সময় দ্বিতীয় ব্যক্তিই এগিয়ে থাকেন। কারণ আমরা কর্মসংস্থানের সংখ্যা দিয়ে মানুষের সাফল্য বিচার না করে তাঁর গাড়ির দাম দিয়ে বিচার করতে অভ্যস্ত হয়ে পড়েছি।
অর্থনীতির পরিভাষায় ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে নতুন সম্পদ সৃষ্টি না করেই বিদ্যমান সম্পদ থেকে অতিরিক্ত সুবিধা আদায়ের প্রবণতাকে বলা হয় ‘রেন্ট সিকিং’ (Rent-Seeking)। এই প্রবণতা যখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, তখন প্রকৃত উদ্যোক্তারা নিরুৎসাহিত হন, মেধাবীরা দেশ ছাড়ার কথা ভাবেন, বিনিয়োগ বাধাগ্রস্ত হয় এবং অর্থনৈতিক বৈষম্য গভীর থেকে গভীরতর হয়। একসময় পরিশ্রমী মানুষটিও ভাবতে শুরু করেন—পরিশ্রম করে কী লাভ, যদি পরিচয় আর প্রভাব দিয়েই সবকিছু অর্জন করা যায়? একটি জাতির জন্য এর চেয়ে ভয়াবহ মানসিক পরিবর্তন আর কী হতে পারে?
কল্পনা করুন, একজন নিম্নবিত্ত বাবা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় বাড়ি ফিরেছেন। তাঁর সন্তান জিজ্ঞেস করল, ‘বাবা, তুমি তো প্রতিদিন এত কাজ করো, তাহলে আমরা গরিব কেন?’ এই ছোট্ট প্রশ্নটির উত্তর হয়তো বাবার কাছে নেই। কিন্তু রাষ্ট্রের অর্থনৈতিক নীতিনির্ধারকদের কাছে থাকা উচিত। কারণ একটি অর্থনৈতিক ব্যবস্থার সার্থকতা শুধু ধনী মানুষের সম্পদ বৃদ্ধিতে নয়, পরিশ্রমী মানুষের দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরিতেও নিহিত।
আমরা উন্নয়নের হিসাব করি জিডিপি, মাথাপিছু আয়, অবকাঠামো ও বিনিয়োগের পরিসংখ্যান দিয়ে। নিঃসন্দেহে এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু একজন মা যখন বাজারে গিয়ে সন্তানের জন্য দুধ কেনার সামর্থ্য হারান, একজন বাবা যখন চিকিৎসার ব্যয় মেটাতে নিজের শেষ সম্বলটুকু বিক্রি করেন, একজন শিক্ষিত তরুণ যখন কর্মসংস্থানের অভাবে পরিবারের কাছে বোঝা হয়ে থাকার যন্ত্রণা অনুভব করেন, তখন উন্নয়নের পরিসংখ্যানের পাশাপাশি মানুষের জীবনযাত্রার বাস্তবতাও বিবেচনা করা জরুরি।
অর্থনীতির সবচেয়ে সুন্দর পরিসংখ্যান হওয়া উচিত মানুষের মুখের হাসি। সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হওয়া উচিত মানুষের মেধা। আর সবচেয়ে বড় অর্জন হওয়া উচিত মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা।
আমাদের বুঝতে হবে, রাষ্ট্র কোনো রাজদরবার নয়, জনগণও কারও প্রজা নয়। জনপ্রতিনিধিত্ব কোনো রাজকীয় মর্যাদা নয়, প্রশাসনিক পদ কোনো ব্যক্তিগত সাম্রাজ্য নয় এবং সরকারি সেবা কোনো ক্ষমতাবানের দয়া নয়। রাষ্ট্র পরিচালনার প্রতিটি দায়িত্ব জনগণের প্রতি একটি অঙ্গীকার। এই উপলব্ধি যত দিন প্রতিষ্ঠিত না হবে, তত দিন ক্ষমতার প্রতিযোগিতায় উৎপাদনশীল অর্থনীতি তার যথার্থ গুরুত্ব হারাতে থাকবে। বাংলাদেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে হলে ক্ষমতার অর্থনীতি থেকে উৎপাদনের অর্থনীতিতে, তদবিরের সংস্কৃতি থেকে যোগ্যতার সংস্কৃতিতে এবং সম্পদ প্রদর্শনের প্রতিযোগিতা থেকে সম্পদ সৃষ্টির প্রতিযোগিতায় ফিরে আসতে হবে। কৃষককে ন্যায্যমূল্য, শ্রমিককে মর্যাদাপূর্ণ মজুরি, উদ্যোক্তাকে বিনিয়োগের নিরাপত্তা এবং মেধাবী তরুণকে যোগ্যতার ভিত্তিতে সুযোগ দিতে হবে।
আমাদের সন্তানদের শেখাতে হবে, বড় মানুষ হওয়া মানে বড় চেয়ারে বসা নয়; বড় মানুষ হওয়া মানে অন্য মানুষের জন্য কিছু করতে পারা। একটি দেশের প্রকৃত সম্পদ তার রাজপ্রাসাদের সংখ্যা নয়, তার কর্মক্ষম মানুষের সংখ্যা। একটি জাতির প্রকৃত গৌরব তার ক্ষমতাবানদের বিলাসিতায় নয়, তার সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে। মনে রাখতে হবে, যে সমাজে শ্রমিকের ঘাম শুকানোর আগেই সুবিধাভোগীর সম্পদের পাহাড় উঁচু হয়, সে সমাজে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটতে পারে, কিন্তু অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না।
আমরা এমন একটি দেশ চাই, যেখানে একজন কৃষক নিজের পেশা নিয়ে গর্ব করবেন, একজন শ্রমিক নিজের পরিচয় দিতে সংকোচ বোধ করবেন না, একজন সৎ কর্মকর্তা সততার কারণে পিছিয়ে পড়বেন না এবং একজন উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টির জন্য সম্মানিত হবেন।
রাজা হওয়ার প্রতিযোগিতায় আমরা যেন মানুষ হওয়ার কথাটি ভুলে না যাই। কারণ যে দেশের সবাই সিংহাসন চায়, সে দেশের অর্থনীতির মেরুদণ্ড একদিন ভেঙে পড়ে। আর যে দেশের মানুষ শ্রমকে সম্মান করে, সে দেশের সাধারণ নাগরিকই একদিন অসাধারণ ইতিহাস রচনা করে।
