কোরআনের অর্থনৈতিক ভাষায়—১২৩ রিযিক, ৮৬ সম্পদ, ৬৭ অর্জন—সংখ্যাগুলো কী বলে?
আল-কোরআন অর্থনীতির পাঠ্যবই নয়। সেখানে মোট দেশজ উৎপাদনের সূত্র নেই, মূল্যস্ফীতির সূচক নেই, কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিও নেই। তারপরও মানুষের অর্থনৈতিক জীবনের প্রায় প্রতিটি মৌলিক প্রশ্ন সেখানে উপস্থিত—সম্পদ, জীবিকা, অর্জন, ব্যবসা, ঋণ, ব্যয়, যাকাত, উত্তরাধিকার, রিবা, মাপ ও ন্যায়।
আর কোরআনের শব্দগুলোকে যখন সংখ্যার আলোয় দেখা যায়, তখন একটি কৌতূহলোদ্দীপক চিত্র সামনে আসে। রিযিক বা জীবিকা-সংক্রান্ত শব্দমূল এসেছে ১২৩ বার।
মাল বা সম্পদ এসেছে ৮৬ বার। অর্জন-সংক্রান্ত ‘কাসব’ শব্দমূল এসেছে ৬৭ বার। অর্থ ব্যয়ের অর্থে ‘আনফাকা’ ক্রিয়া এসেছে ৬৮ বার।
যাকাত এসেছে ৩২ বার।
মিজান বা পরিমাপের পাল্লা এসেছে ১৬ বার।
রিবা এসেছে ৭ বার।
সংখ্যাগুলোকে পাশাপাশি রাখলে প্রথমেই একটি বিষয় বোঝা দরকার—এগুলো কোনো গোপন গাণিতিক সংকেত নয়। কোনো শব্দ বেশি এসেছে মানেই সেটি অন্য সব বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ—এমন সিদ্ধান্তও দেওয়া যায় না।
কিন্তু সংখ্যাগুলো আমাদের একটি মানচিত্র দেয়। সেই মানচিত্রে অর্থনীতির শুরু সম্পদ দিয়ে নয়—রিযিক দিয়ে।
তারপর আসে অর্জন।
অর্জনের পর সম্পদ।
সম্পদের পর লেনদেন।
লেনদেনের পর ব্যয়।
ব্যয়ের সঙ্গে বণ্টন।
আর পুরো ব্যবস্থার ওপর দাঁড়িয়ে থাকে মিজান—অর্থাৎ পরিমাপ ও ভারসাম্যের প্রশ্ন। এ যেন মানুষের অর্থনৈতিক জীবনের একটি পূর্ণ বৃত্ত।
প্রশ্ন হলো—আমরা আধুনিক অর্থনীতিতে এই বৃত্তের কতটুকু দেখি?
আমরা উৎপাদন মাপি। আয় মাপি। প্রবৃদ্ধি মাপি। রিজার্ভ মাপি। রপ্তানি মাপি। কিন্তু অর্থনীতির নৈতিক হিসাবটি কোথায়?
অর্থ কোথা থেকে এলো?
লেনদেনে দুর্বল পক্ষটি ন্যায্যতা পেল কি?
সম্পদ শুধু জমল, নাকি প্রবাহিতও হলো?
যার পাওয়ার অধিকার ছিল, সে পেল কি?
আর যে হিসাব প্রকাশ করা হলো, সেই হিসাব সত্য কি? কোরআনের অর্থনৈতিক ভাষা সম্ভবত এখানেই আমাদের সবচেয়ে বড় প্রশ্নটির সামনে দাঁড় করায়। অর্থনীতির কাজ কি শুধু সম্পদ সৃষ্টি করা—নাকি সম্পদ সৃষ্টি থেকে বণ্টন পর্যন্ত পুরো পথটিকে ন্যায়সংগত রাখা?
কারণ সম্পদ সৃষ্টি করতে পারা একটি অর্থনীতির সক্ষমতা। সম্পদ সঠিকভাবে প্রবাহিত করতে পারা তার দক্ষতা। আর সম্পদের ক্ষেত্রে ন্যায় নিশ্চিত করতে পারা- সেটিই তার সভ্যতা।
লেখকঃ মোঃ আনোয়ারুল ইসলাম শামীম, প্রেসিডেন্ট-ব্রামা
