অপ্রতিমের মৃত্যু: আমরা সন্তানকে সফল হতে শেখাই, মানুষ হতে কতটা শেখাই?
অপ্রতিমের মৃত্যুর পর থেকে একটি পুরোনো লেখা বারবার মনে পড়ছে। আব্রাহাম লিঙ্কনের নামে বহুল প্রচলিত সেই লেখায় একজন বাবা তার সন্তানের শিক্ষককে যেন শুধু শিক্ষিত মানুষ নয়, একজন বিবেকবান মানুষ তৈরি করার অনুরোধ করেছিলেন। সেখানে একটি অসাধারণ শিক্ষা আছে—কুড়িয়ে পাওয়া পাঁচ ডলারের চেয়ে নিজের শ্রমে উপার্জিত এক ডলারের মূল্য অনেক বেশি।
অপ্রতিমের মৃত্যুর ঘটনার দিকে তাকালে কথাটির তাৎপর্য আজ আরও গভীর, আরও বেদনাদায়ক মনে হয়। একটি মোবাইল ফোন, সামান্য লোভ কিংবা অন্যের সম্পদ নিজের করে নেওয়ার আকাঙ্ক্ষা—এর বিপরীতে যদি একটি শিশুর জীবন দাঁড়ায়, তাহলে প্রশ্নটি আর শুধু অপরাধের থাকে না, প্রশ্নটি হয়ে ওঠে আমাদের পরিবার, শিক্ষা ও সমাজব্যবস্থার।
একটি শিশুর হাতে আমরা দামি ফোন তুলে দিতে পারি, আধুনিক প্রযুক্তি দিতে পারি, ভালো বিদ্যালয়ে পাঠাতে পারি। কিন্তু তার চেয়েও বড় দায়িত্ব হলো তাকে শেখানো—কোনটি তার নিজের, কোনটি অন্যের, কী অর্জন, আর কী ছিনিয়ে নেওয়া, কী সাফল্য, আর কী লোভ। তাকে বুঝতে শেখানো দরকার, মানুষের মূল্য কোনো বস্তু দিয়ে পরিমাপ করা যায় না।
লিঙ্কনের নামে প্রচলিত সেই লেখায় আরও বলা হয়েছে—সন্তানকে শেখাতে হবে সব মানুষ ন্যায়পরায়ণ নয়, সব মানুষ সত্যনিষ্ঠ নয়, তাকে পরাজয় মেনে নিতে শেখাতে হবে, হিংসা থেকে দূরে থাকতে শেখাতে হবে, নিজের বিবেকের ওপর আস্থা রাখতে শেখাতে হবে। এমনকি নকল করে পাস করার চেয়ে অকৃতকার্য হওয়াও যে অধিক সম্মানের, সেই মূল্যবোধও শেখাতে হবে।
কথাগুলো বহু পুরোনো। কিন্তু অপ্রতিমের মৃত্যুর পর মনে হচ্ছে, এগুলো যেন আমাদের সময়ের জন্যই লেখা।
আমরা সন্তানকে পরীক্ষায় ভালো ফল করার জন্য কতটা চাপ দিই? ভালো বিশ্ববিদ্যালয়, ভালো চাকরি, অর্থ, গাড়ি, বাড়ি—এসব অর্জনের জন্য কত পরিকল্পনা করি? অথচ সে অন্যের অধিকারের প্রতি সম্মান দেখাতে শিখল কি না, পরিশ্রমের অর্থ বুঝল কি না, লোভকে নিয়ন্ত্রণ করতে শিখল কি না, একজন দুর্বল মানুষের প্রতি সহমর্মিতা দেখাতে পারল কি না—এই প্রশ্নগুলোর উত্তর আমরা কতবার খুঁজি? শিক্ষার সবচেয়ে বড় ব্যর্থতা তখনই, যখন একজন মানুষ হিসাব করতে শেখে কিন্তু মূল্যবোধের হিসাবটি শেখে না।
একটি মোবাইল ফোনের বাজারমূল্য নির্ধারণ করা যায়। একটি গাড়ির মূল্য নির্ধারণ করা যায়। জমি, বাড়ি, স্বর্ণ—সবকিছুরই বাজারদর আছে। কিন্তু তেরো বছরের একটি শিশুর জীবনের মূল্য কত? তার মায়ের কাছে? তার বাবার কাছে? তার পরিবারের কাছে? এর কোনো বাজারদর নেই। কোনো ক্ষতিপূরণ নেই। কোনো আদালতের রায় সেই শূন্যস্থান পূরণ করতে পারে না।
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় কার কী অপরাধ, কার কতটুকু দায়—সেটি তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হওয়াই উচিত। কিন্তু সমাজ হিসেবে আমাদের আত্মজিজ্ঞাসা করতে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হয় না। আমাদের ভাবতে হবে, আমরা কি এমন একটি প্রজন্ম তৈরি করছি, যারা জিনিসের দাম জানে কিন্তু জীবনের মূল্য জানে না?
শিশুর প্রথম বিদ্যালয় পরিবার। এরপর বিদ্যালয়, বন্ধু, সমাজ এবং এখন বিশাল ডিজিটাল জগৎ। তাই মূল্যবোধ শেখানোর দায়িত্ব শুধু শিক্ষক কিংবা শুধু মা-বাবার নয়। দায়িত্ব আমাদের সবার। সন্তানের হাতে প্রযুক্তি দেওয়ার আগে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার শেখানো, অর্থ দেওয়ার আগে অর্থের উৎস ও শ্রমের মর্যাদা বোঝানো এবং সাফল্যের স্বপ্ন দেখানোর পাশাপাশি ব্যর্থতা মেনে নেওয়ার শক্তি তৈরি করাও শিক্ষার অংশ হওয়া প্রয়োজন।
আমরা যদি সন্তানকে শুধু বলি—তোমাকে জিততেই হবে, কিন্তু না বলি—সৎভাবে জিততে হবে, তাহলে শিক্ষাটি অসম্পূর্ণ থেকে যায়।
আমরা যদি তাকে বলি—তোমাকে বড় হতে হবে, কিন্তু না শেখাই—বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হতে হবে, তাহলে একদিন সেই ভুলের মূল্য শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে দিতে হতে পারে।
অপ্রতিমকে আমরা ফিরিয়ে আনতে পারব না। কিন্তু তার চলে যাওয়া যদি আমাদের অন্তত একটি প্রশ্নের সামনে দাঁড় করায়, সেটি হোক—আমাদের সন্তানদের জন্য আমরা কেমন শিক্ষা রেখে যাচ্ছি?
আব্রাহাম লিঙ্কনের নামে প্রচলিত সেই লেখাটির শিক্ষা তাই আজ নতুন করে উচ্চারণ করতে ইচ্ছে করে—সন্তানকে শুধু পৃথিবীতে টিকে থাকার কৌশল শেখাবেন না, তাকে সত্য, শ্রম, সহমর্মিতা, সংযম ও মানুষের জীবনের মর্যাদা শেখান।
কারণ একটি সমাজের ভবিষ্যৎ শুধু তার সন্তানরা কতটা মেধাবী, তার ওপর নির্ভর করে না, তারা কতটা মানুষ হয়ে উঠছে, শেষ পর্যন্ত তার ওপরই নির্ভর করে।
অপ্রতিম, তোমার মৃত্যু যেন কেবল আরেকটি অপরাধের পরিসংখ্যান হয়ে না থাকে। তোমার নামটি আমাদের বিবেকের কাছে একটি প্রশ্ন হয়ে থাকুক—আমরা আমাদের সন্তানদের কী শেখাচ্ছি, আর কী শেখাতে ভুলে যাচ্ছি?
