সরকারি কর্মকর্তার ‘সিদ্ধান্ত না নেওয়ার ক্ষমতা’ কোন আইনে?
না বললে কারণ লাগে, ফাইল আটকে রাখলে কিছুই লাগে না কেন?
আগের লেখায় একটি প্রশ্ন রেখেছিলাম—যে কাজ টাকা না দিলে আইনে নেই, টাকা দিলে সেটি কোন ধারায় আইনে আসে?
আজকের প্রশ্নটি আরও গভীরে। একজন সরকারি কর্মকর্তা কোনো আবেদন প্রত্যাখ্যান করলে তাঁকে কারণ দেখাতে হয়। কিন্তু তিনি যদি ‘হ্যাঁ’ বা ‘না’—কিছুই না বলে মাসের পর মাস ফাইল আটকে রাখেন, তাহলে সেই ‘সিদ্ধান্ত না নেওয়ার ক্ষমতা’ তিনি কোন আইনের কোন ধারায় পেয়েছেন?
এটি শুধু একজন ব্যবসায়ীর ব্যক্তিগত অভিজ্ঞতার প্রশ্ন নয়। বিশ্বব্যাংকের বাংলাদেশবিষয়ক সাম্প্রতিক এক বিশ্লেষণে ২০২২ সালের এন্টারপ্রাইজ সার্ভের তথ্য ব্যবহার করে দেখানো হয়েছে, বিদ্যুৎ-পানি সংযোগ, শুল্ক ছাড়করণ, নির্মাণ অনুমতি, পরিচালন ও আমদানি লাইসেন্সের মতো বিভিন্ন নিয়ন্ত্রক সেবা পেতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে প্রায় ৩৫ দিন অপেক্ষা করতে হয়, যা তুলনীয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। একই ধরনের সেবা পেতেও প্রতিষ্ঠানভেদে সময়ের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
আরও নির্দিষ্টভাবে, ওই বিশ্লেষণে বাংলাদেশে পরিচালন লাইসেন্স পেতে গড়ে ২৮ দিন, নির্মাণসংক্রান্ত অনুমতি পেতে ৪৯ দিন এবং আমদানি লাইসেন্স পেতে ৪৯ দিন লাগার তথ্য উঠে এসেছে। অর্থাৎ সমস্যাটি শুধু বিলম্বের নয়; অনিশ্চয়তা ও অসম প্রয়োগও একটি বড় অর্থনৈতিক সমস্যা।
বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে একটি শব্দ আমরা প্রায়ই শুনি—‘প্রক্রিয়াধীন’। ফাইল জমা হলো। বলা হলো, মতামতের জন্য পাঠানো হয়েছে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন। কিছুদিন পর নতুন কাগজ চাওয়া হলো। তারপর আরেক দপ্তরের মতামত প্রয়োজন। দেখতে দেখতে মাস চলে যায়।
কেউ আবেদন প্রত্যাখ্যান করেনি, অনুমোদনও দেয়নি।
কাগজে ফাইল জীবিত, বাস্তবে বিনিয়োগ আটকে আছে।
‘না’ লিখলে কারণ দেখাতে হয়। সিদ্ধান্তের আইনি ভিত্তি প্রশ্ন করা যায়, আপিলের সুযোগ থাকে। কিন্তু সিদ্ধান্তই যদি না আসে, নাগরিক আপিল করবেন কিসের বিরুদ্ধে? এখানেই প্রশাসনিক দীর্ঘসূত্রতা শুধু ভোগান্তি নয়, সরাসরি অর্থনৈতিক ক্ষতিতে পরিণত হয়।
ধরুন, একজন উদ্যোক্তা ১০০ কোটি টাকা বিনিয়োগ করে একটি শিল্পকারখানা স্থাপন করেছেন। ব্যাংকঋণ চলছে, যন্ত্রপাতি এসেছে, শ্রমিক নিয়োগ হয়েছে। শুধু একটি ছাড়পত্র, অনাপত্তিপত্র কিংবা বিদ্যুৎ-গ্যাস সংযোগের অনুমোদন বাকি। ফাইল ছয় মাস আটকে থাকলেও ব্যাংকের সুদ থামে না, শ্রমিকের বেতন থামে না, যন্ত্রপাতির অবচয় থামে না, বন্দরের বিলম্ব মাশুল ও সংরক্ষণ ব্যয়ও থামে না। থেমে থাকে শুধু সিদ্ধান্ত।
এই অদৃশ্য অর্থনৈতিক বোঝাকে আমি বলতে চাই—‘প্রশাসনিক বিলম্ব কর’ (Administrative Delay Tax)।
এটি রাষ্ট্রের আরোপিত কোনো আনুষ্ঠানিক কর নয়। এর কোনো প্রজ্ঞাপন নেই, চালান নেই, জাতীয় বাজেটেও এর নাম নেই। কিন্তু উদ্যোক্তাকে এর মূল্য দিতে হয় অতিরিক্ত ব্যাংক সুদ, বন্দরের বিলম্ব মাশুল, অব্যবহৃত উৎপাদনক্ষমতা, প্রকল্প ব্যয় বৃদ্ধি এবং হারিয়ে যাওয়া ব্যবসায়িক সুযোগের মাধ্যমে।
বিলম্ব করে কর্তৃপক্ষ, কিন্তু তার মূল্য দেয় নাগরিক ও ব্যবসায়ী।
বিষয়টি আরও গুরুতর হয় যখন কর্তৃপক্ষের বিলম্বের কারণেই আবেদনকারী তাঁর যোগ্যতা হারান।
ধরুন, একটি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে পুনঃঅর্থায়নের জন্য আবেদন করল। আবেদনের দিন প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে যোগ্য ছিল। কর্তৃপক্ষ ছয় মাস পর সিদ্ধান্ত দিয়ে জানাল—এখন ঋণের অবশিষ্ট মেয়াদ আর প্রয়োজনীয় শর্ত পূরণ করছে না।
তখন প্রশ্নটি খুবই সরল—বিলম্ব করল কে, শাস্তি পেল কে?
আবেদনকারী সময়মতো আবেদন করেছেন। সিদ্ধান্ত দিতে বিলম্ব করেছে কর্তৃপক্ষ। অথচ সেই বিলম্বের আর্থিক পরিণতি বহন করবেন আবেদনকারী—এটি প্রশাসনিক ন্যায়বিচারের একটি মৌলিক প্রশ্ন।
রাষ্ট্র নিজের বিলম্বের সুবিধাভোগী হতে পারে না।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য রয়েছে। বাংলাদেশ সরকারের অভিযোগ প্রতিকার ব্যবস্থা—জিআরএসে সাধারণ অভিযোগ নিষ্পত্তির সর্বোচ্চ সময় ৩০ কার্যদিবস। তদন্ত প্রয়োজন হলে আরও ১০ কার্যদিবস সময়ের সুযোগ রয়েছে। আপিল নিষ্পত্তিরও নির্ধারিত সময়সীমা রয়েছে এবং অভিযোগের অগ্রগতি অনুসরণের ব্যবস্থাও রাখা হয়েছে।
তাহলে প্রশ্ন আসে—অভিযোগ নিষ্পত্তির সময়সীমা যদি নির্ধারণ করা যায়, যে মূল সেবা না পাওয়ার কারণে অভিযোগের জন্ম, সেই সেবার সিদ্ধান্তের সময়সীমা কেন অনির্দিষ্ট থাকবে? আমার মতে, সংস্কারের জায়গাটি এখানেই।
প্রতিটি সরকারি অনুমোদন, লাইসেন্স, অনাপত্তিপত্র এবং ব্যবসাসংক্রান্ত সেবার একটি নির্দিষ্ট নিষ্পত্তির সময়সীমা থাকা উচিত। ১৫, ৩০ কিংবা জটিলতার ভিত্তিতে ৬০ দিন—সময় সরকার নির্ধারণ করুক।
কিন্তু নির্ধারিত সময় শেষে আবেদনকারীকে তিনটির একটি উত্তর অবশ্যই দিতে হবে—অনুমোদন, কারণসহ প্রত্যাখ্যান অথবা বিলম্বের সুনির্দিষ্ট কারণ ও পরবর্তী সময়সীমা লিখিতভাবে জানানো।
একই সঙ্গে প্রতিটি ফাইলের ডিজিটাল সময়চিহ্ন থাকা প্রয়োজন। আবেদনকারী যেন জানতে পারেন—ফাইলটি কখন কোন কর্মকর্তার কাছে গেছে, কত দিন সেখানে ছিল, কোথায় পাঠানো হয়েছে এবং কেন ফেরত এসেছে। ফাইলের গতিপথ যত দৃশ্যমান হবে, অদৃশ্য ক্ষমতার জায়গা তত সংকুচিত হবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশে নিয়ন্ত্রক ব্যবস্থার পূর্বানুমানযোগ্যতা নিয়ে আরেকটি বিশ্লেষণেও প্রশাসনিক সিদ্ধান্তে ব্যক্তিনির্ভরতার সমস্যা উঠে এসেছে। সেখানে ব্যবসাপ্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে কর্মকর্তাদের সক্ষমতার ঘাটতি, বিধিবিধান প্রণয়নের দুর্বলতা এবং জবাবদিহির অভাবের পাশাপাশি ৪৭ শতাংশ উত্তরদাতা সুবিধা আদায়ের প্রবণতাকেও ব্যক্তিনির্ভর সিদ্ধান্তের একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
এখানেই আগের লেখার ঘুষের প্রশ্নটি আবার ফিরে আসে।
স্বাভাবিক প্রক্রিয়ায় একটি সিদ্ধান্ত পেতে কত দিন লাগবে সেটিই যদি নিশ্চিত না থাকে, অথচ অপেক্ষার প্রতিটি দিনের আর্থিক ক্ষতি বাড়তে থাকে, তাহলে দ্রুত সিদ্ধান্ত পাওয়ার সুযোগ একসময় অর্থনৈতিক সুবিধায় পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করে।
দুর্নীতি তাই সব সময় বলে না—‘টাকা দিন’।
কখনো তার সম্ভাব্য ভাষা হতে পারে মাত্র একটি শব্দ—
‘প্রক্রিয়াধীন’।
আমি কাউকে অভিযুক্ত করছি না। আমি একটি ব্যবস্থার কাছে তিনটি প্রশ্ন রাখছি—
ফাইল অনির্দিষ্টকাল আটকে রাখার ক্ষমতা কোন আইনে?
কর্তৃপক্ষের অযৌক্তিক বিলম্বের আর্থিক দায় নাগরিক বহন করবেন কেন?
আর সিদ্ধান্ত না নেওয়াও যদি বাস্তবে একটি নেতিবাচক সিদ্ধান্তের সমান ফল সৃষ্টি করে, সেই সিদ্ধান্তহীনতার জবাবদিহি করবে কে?
আগের লেখায় বলেছিলাম—একটি বইয়ের আইন আছে, আরেকটি টেবিলের নিচের আইন।
আজ তার সঙ্গে আরেকটি যোগ করতে চাই—ঘড়ির আইন।
নাগরিকের ঘড়ি চলে সুদ, জরিমানা, বিলম্ব মাশুল আর সময়সীমা দিয়ে। সরকারি ফাইলের ঘড়িও অনির্দিষ্টকাল থেমে থাকতে পারে না।
নাগরিকের এক দিনের দেরির যদি আর্থিক মূল্য থাকে, রাষ্ট্রের এক দিনের অযৌক্তিক দেরিরও জবাবদিহি থাকা উচিত।
কারণ প্রশাসনে সবচেয়ে ভয়ংকর উত্তর সব সময় ‘না’ নয়।
কখনো সবচেয়ে ব্যয়বহুল উত্তরটি হলো—
‘প্রক্রিয়াধীন’।
