দেশে-বিদেশে এনবিআর ও কাস্টমস নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়: অর্থমন্ত্রী
দেশে কিংবা বিদেশে—যেখানেই যাওয়া হোক না কেন, আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত কাস্টমস এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি জানান, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে সফরে গিয়েও এনবিআরের কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক আলোচনা শুনতে হচ্ছে। বিদ্যমান এই পরিস্থিতিতে রাজস্ব প্রশাসনের আমূল সংস্কারে ব্যবসায়ীদের সুনির্দিষ্ট মতামত ও সক্রিয় সহযোগিতা চেয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ শীর্ষক প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার সংস্কারের বিষয়ে যতই সক্রিয় ও কঠোর হোক না কেন, ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। এ জন্য ব্যবসায়ীদের নির্ভয়ে ও সাহস করে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানান তিনি। তিনি আরও স্পষ্ট করেন যে, অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হলেও দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের কল্যাণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘শুধু এনবিআর নয়, অর্থনীতির সব খাতের বিষয়েই আমরা পারস্পরিক আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখতে চাই। আমরা যদি উদ্যোগ না-ও নিই, তবুও আপনাদের কাছ থেকে নিয়মিত পরামর্শ ও প্রতিক্রিয়া আশা করি।’
এ সময় দেশের বিমা খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তার মতে, বিমা খাতে সংস্কার কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, এখানকার পরিস্থিতি ব্যাংক খাতের চেয়েও নাজুক।
তিনি অভিযোগ করে বলেন, অনেক বিমা কোম্পানি সাধারণ গ্রাহকদের ন্যায্য বিমা দাবি পরিশোধ করছে না। অথচ এসব প্রতিষ্ঠানের মালিকপক্ষের মধ্যে নতুন সম্পত্তি কেনা, ভিন্ন খাতে অর্থ খাটানো এবং ব্যক্তিগত বিনিয়োগের প্রবণতা দেখা যাচ্ছে। এমনকি গ্রাহকদের বিমার অর্থও নানাভাবে অপব্যবহার করা হচ্ছে।
আক্ষেপ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘বিমা খাতে যখনই হাত দিয়েছি, দেখলাম প্রভাবশালী লোকজন তদবির বা চাপ সৃষ্টি করতে এখানে আসতে শুরু করেছে। আসলে দেশের অর্থনীতির যেখানেই হাত দেবেন, সেখানেই জটিল সমস্যা বেরিয়ে আসছে।’
