দেশে অস্থিরতা সৃষ্টির সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি
দেশে অস্থিরতা সৃষ্টি, নাশকতা ও সহিংসতার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সব বাহিনী যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে সম্পূর্ণ প্রস্তুত।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি তাঁদের শয্যাপাশে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আহত সদস্যদের সাহস জোগানোর পাশাপাশি তাঁদের দায়িত্ববোধ ও পেশাদারত্বের প্রশংসা করেন। তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি। সাংবাদিকদের মন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও মাথায় গুরুতর আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙে গেছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধৈর্য ও পেশাদারত্বের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় তাঁরা প্রাণের বিনিময়েও জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেরা গুরুতর আহত হয়েও তাঁরা অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তাঁদের এ ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিতে সন্তুষ্ট এবং সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা কখনো সফল হবে না।
সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশবিষয়ক মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ কর্মজীবন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।
পুলিশ সদস্যদের অধিকাংশ চিকিৎসা আঘাতজনিত হওয়ায় হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং বিশেষায়িত চিকিৎসাসেবার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ ছাড়া নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা এবং হাসপাতালে ক্যানসার ইউনিট চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদরে এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত ছিলেন। চিকিৎসাধীন সদস্যরা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, পরিদর্শক মো. আবু আলম ও মো. রাকিবুল ইসলাম।
