নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া
শিক্ষা খাতের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তাঁকে সভাপতি করে চার সদস্যের একটি সংসদীয় সাব-কমিটি গঠন করেছে।
বুধবার (২৫ নভেম্বর) সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোহাম্মদ কাউছার আলম।
সংসদের কার্যপ্রণালি-বিধির ১৯৬ বিধি অনুযায়ী গঠিত এই সাব-কমিটির অন্য তিন সদস্য হলেন—সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন পরিদপ্তর, আঞ্চলিক ও জেলা শিক্ষা কার্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি।
অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিটি তদন্ত প্রতিবেদন ১০ কার্যদিবসের মধ্যে মূল কমিটির কাছে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
