বিদেশগামী কর্মীদের ভাষা শেখানো ও দক্ষ করার উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বহুমুখী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিদেশগামী কর্মীদের কর্মস্থলে সুবিধা নিশ্চিত করতে আগামী কয়েক মাসের মধ্যে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রমও শুরু করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় উল্লেখ করে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটির শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এর ফলে সরকার প্রায় ১০ হাজার কর্মীকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছে, যা অত্যন্ত আনন্দের।
বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, কর্মীদের দক্ষ করে বিদেশে পাঠানো গেলে তারা নিজেরা যেমন লাভবান হবেন, তেমনি দেশও উপকৃত হবে। এ ছাড়া ভাষাগত দক্ষতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের কাজ ও আচরণের ওপরই দেশের ভাবমূর্তি নির্ভর করে। আপনারা সুনামের সঙ্গে কাজ করলে বিদেশি প্রতিষ্ঠানগুলো আরও বাংলাদেশি কর্মী নিয়োগে উৎসাহিত হবে। এ সময় তিনি কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন, সংস্কৃতি ও ঐতিহ্য মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং স্বচ্ছ ও স্বল্প ব্যয়ে কর্মী নিয়োগের বিষয়ে উভয় নেতা একমত হয়েছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
