কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী
‘আমরা কাউকে বিনা চিকিৎসায় মরতে দেব না। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’ এমন অঙ্গীকার করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছেন তিনি। সম্ভব হলে চলতি অর্থবছরেই সম্পূরক বাজেটের মাধ্যমে এ খাতে অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম ব্যাপক পরিসরে সম্প্রসারণের কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম হলেও সীমিত জনবল নিয়ে তাঁরা নিরলসভাবে কাজ করছেন। প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, চিকিৎসকদের সহযোগিতায় সরকার স্বাস্থ্যসেবার সব পর্যায়ে সহায়তার হাত বাড়িয়ে দেবে। জাতীয় যেকোনো প্রয়োজনে চিকিৎসকরা সবসময় সাড়া দেন। তাঁদের এই অবদানকে মূল্যায়ন করে স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
স্বাস্থ্য খাতে সরকারের অগ্রগতির কথা তুলে ধরে সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ‘বিশ্বদরবারে আমরা প্রমাণ করতে চাই, আমরা পারি এবং পারব। স্বাস্থ্য খাতে ইতোমধ্যে আমরা অগ্রগতি অর্জন করেছি। দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আগামী এক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে কী কী উন্নয়ন করা সম্ভব হয়েছে, তা আমরা দৃশ্যমানভাবে তুলে ধরতে পারব।’
চিকিৎসক ও নার্সের সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার এ সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত সব পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। মানুষের কল্যাণ ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুতফুল কবির সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম। জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকার ওপর বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির মহাসচিব ডা. মো. আদনান হাসান মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
